দিনাজপুরে চীনা হৃদরোগ বিশেষজ্ঞদের স্কুল পরিদর্শন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১১ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

‘একটি শিশুর সুস্থ হৃদয়—একটি পরিবারে হাসি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হৃদরোগ স্ক্রিনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে শনিবার সকালে ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর কর্তৃক পরিচালিত সাইনিং লাইফ স্কুল পরিদর্শন করেছেন চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেসের বিশেষজ্ঞ পেডিয়াট্রিক কার্ডিওলজি টিম।
মেডিকেল টিম পরিদর্শনকালে সাইনিং লাইফ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিশেষ চাহিদাসম্পন্ন ১৮টি শিশুর হৃদরোগ স্ক্রিনিং করা হয়।
স্ক্রিনিংয়ের মাধ্যমে একজন শিশুর সম্ভাব্য কার্ডিওলজিজনিত হৃদরোগের সমস্যা শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্রেইন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জানান, পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও চীনের ফুওয়াই হাসপাতালের যৌথ সহযোগিতায় শিশুটির প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হবে। এটি তাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ও মানবিক একটি উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।
ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর শাখার সভাপতি অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ বলেন, ‘এই মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকল বিশেষজ্ঞ চিকিৎসক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চীনের ফুওয়াই হাসপাতালের চিকিৎসকদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’
টিমের সার্বিক সহযোগিতা করেন জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।
উল্লেখ্য, দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের অপরদিকে ব্রেইন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হৃদরোগসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
