ঢাকার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

চিকিৎসা ও দোকানের মালামাল আনার জন্য ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের আবু জাফর মৃধা (৫৫) ও তাঁর ছেলে অনিক মৃধা (১৪)।

জাফর মৃধা একজন ব্যবসায়ী। উপজেলা সদর সুবিদখালীর নান্নু শপিং কমপ্লেক্সে তাঁর একটি গার্মেন্টসের দোকান রয়েছে। তাঁর ছেলে অনিক মৃধা মির্জাগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ।

তিনি বলেন, ঢাকা-খুলনা হাইওয়ে সড়কের পাশে পালকি পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে যায়। এ সময় বাসটির চালক ও হেলপার চাকা মেরামতের কাজ করছিলেন। এরই মধ্যে বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে থামানো বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে দুই বাসের সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আরও ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে আবু জাফর মৃধা ও অনিক মৃধা মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা এবং সম্পর্কে বাবা-ছেলে।

নান্নু শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সী বলেন, জাফর মৃধা তার দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গার্মেন্টসের ব্যবসা করতেন। শুক্রবার সকালে ছেলেকে নিয়ে হানিফ পরিবহনের একটি গাড়িতে মির্জাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ঢাকা-খুলনা সড়কে এক সড়ক দুর্ঘটনায় ছেলে অনিকসহ তিনিও নিহত হন।

তিনি আরও বলেন, বাবা ও ছেলের আকস্মিক মৃত্যুতে নান্নু শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা মর্মাহত।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি লাশ ময়নাতদন্ত শেষে দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন।