মেঘনায় নিখোঁজ ভাই-বোনের ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ

  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে কুমিল্লা থেকে আসা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোন তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বাবা হেলাল উদ্দিন।

শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী ট্রলারে করে বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। পথে নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়।

এ সময় আটজন সাঁতরে তীরে উঠে আসেন। পরে রাশিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ থাকেন।

দুই দিন পর শনিবার সকালে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।