রংপুরে প্রতারকসহ ৯ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক জব্দ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩ রংপুর গত ৪৮ ঘণ্টায় পরিচালিত অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে। অভিযানে সরকারি কর্মকর্তা পরিচয়ে আর্থিক প্রতারণা চক্রের দুই সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

শনিবার বেলা পৌনে ১২টায় এসআরবি-১৩ রংপুর সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর কাওছার বাধন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা পরিচয়ে আর্থিক প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোবিন্দগঞ্জ থানার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আইদুল হোসেনের ছেলে সোহেল মন্ডল (২৭) এবং হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে জানানো হয়, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে আমিনুল ইসলামের ছেলের কণ্ঠে কথা বলে তার বিশ্বাস অর্জন করে প্রতারক চক্রটি। তারা জানায়, ছেলেকে ছাড়াতে হলে টাকা দিতে হবে।

পরবর্তীতে প্রতারকদের চাহিদা অনুযায়ী আমিনুল ইসলাম দুই দফায় নগদের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন। টাকা দেওয়ার পর তিনি ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এরপর অজ্ঞাত প্রতারকদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে নাটোর সদর থানায় একটি প্রতারণার মামলা করেন।

ঘটনার পর এসআরবি-১৩ গোয়েন্দা তৎপরতা চালিয়ে প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধার একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট এবং নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা এ ধরনের প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এদিকে, গত ৪৮ ঘণ্টায় এসআরবি-১৩-এর অভিযানে গাইবান্ধা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এছাড়া রংপুর নগরীর তাজহাটে অটোরিকশা গ্যারেজ মালিক হত্যা মামলার একজন আসামি, রংপুরের পীরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি, ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন, কুড়িগ্রামে মাদক মামলায় ছয় বছর সাজাপ্রাপ্ত একজন, দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্ষণ মামলার প্রধান আসামি এবং ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া রংপুরের গংগাচড়া এলাকা থেকে একটি দেশীয় পিস্তল জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।