সিরাজগঞ্জে তাঁতীদের ঐক্য প্রতিষ্ঠায় মতবিনিময়
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ চৌহালী, এনায়েতপুর ও বেলকুচি উপজেলার তাঁতীদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বেলকুচির তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে তামাই সাত রং শপিং কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সোলায়মান হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, তাঁত শিল্পকে আবারও জাগিয়ে তুলতে হবে। এ জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হবে। সিরাজগঞ্জের এ অঞ্চল তাঁতসমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। এ পরিচিতি ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তাঁত মালিকদের সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে, যাতে তাঁত কারখানার মালিক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায়, সহ-সাধারণ সম্পাদক গফুর খান, বিএনপি নেতা বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সৈয়দ আলী, লাল মিয়া, আতিকুল ইসলাম মল্লিক ও ওহিদুল ইসলাম খান প্রমুখ।
