সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬ | অনলাইন সংস্করণ

  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অভিযানে হাজি কাচ্চিঘর, সোনার বাংলা বিরানি ঘর ও বিল্লাল হোটেলকে লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, বাংলাদেশ হোটেল-রেস্টুরেন্ট আইন, ২০১৪-এর ৭ ধারায় লাইসেন্স দেখাতে না পারায় একই আইনের ১৯ ধারায় হাজি কাচ্চিঘরের মালিককে ৫ হাজার টাকা, সোনার বাংলা বিরানি ঘরের মালিককে ৫ হাজার টাকা এবং বিল্লাল হোটেলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, প্রতি মাসে হোটেল ও রেস্টুরেন্টে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশের এএসআই হায়দারসহ পুলিশের সঙ্গীয় ফোর্স।