ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একটি কথিত অনলাইন জুয়া সাইটের ‘সিনিয়র জুয়ারী’।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার দওপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আবুল বাদশার ছেলে।

পুলিশ জানায়, রবিনকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে তাকে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার পুলিশ জানায়, অনলাইন জুয়া প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়। তবে অনলাইন জুয়ার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তাধীন এবং আদালতে তা প্রমাণের বিষয়টি বিচারাধীন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।