‘একটি সংস্থার কারণে পুরো কক্সবাজার নিয়ে সরকার মহাবিপদে’

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১১ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

একটি সংস্থার কারণে পুরো কক্সবাজার নিয়ে সরকার মহাবিপদে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার বেলা ১২টার দিকে উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটন নগরীকে সুন্দরভাবে সাজানোর জন্য সরকার যতবার চেষ্টা করে, ওই সংস্থাটি ততবার উচ্চ আদালতে গিয়ে রিট করে নিষেধাজ্ঞা নিয়ে আসে। সম্প্রতি তার মন্ত্রণালয়ের ১২৮ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের কাজ রিট করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে সুন্দর একটি নগরী কীভাবে তৈরি করা হবে—এ প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, কক্সবাজার ঐতিহ্যগত ও পরিচয় দেওয়ার মতো একটি ঠিকানা। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের জন্য কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চলছে।

কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন যেন বিকশিত হতে না পারে, সে জন্য দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “যত ষড়যন্ত্র হোক, কক্সবাজারকে একটি বিকশিত স্থানে নিয়ে যেতে সরকার কাজ করে যাচ্ছে।”

এর আগে শনিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন। সেখানে পৌঁছে তিনি প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।

এ সময় সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি একটি আধুনিক ও পরিবেশসম্মত প্রকল্প। প্রকল্পের নিত্যদিনের বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনকে বৃহৎ পরিসরে রূপ দিতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদসহ মন্ত্রণালয়, প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।