শাশুড়ির সামনে চড়, বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে ছেলে পলাতক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের পীরগাছা উপজেলায় শাশুড়ির সামনে চড় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহুবার রহমান (৫৫) ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে হাসানুর রহমান বিয়ে করেন। বিয়ের পরও কোনো কাজকর্মে যুক্ত না থাকায় কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার পারিবারিক টানাপোড়েন চলছিল।
শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, হাসানুর তাদের ঘরে বসতে কিংবা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বাবা মহুবার রহমান ছেলেকে শাশুড়ির প্রতি সম্মান দেখাতে এবং সবার সঙ্গে বসে খাবার খাওয়ার নির্দেশ দেন। কিন্তু হাসানুর বাবার কথা অমান্য করলে ক্ষুব্ধ হয়ে তাকে একটি চড় মারেন।
স্থানীয়দের ভাষ্য, শাশুড়ির সামনে বাবার হাতে চড় খাওয়ায় ক্ষিপ্ত হয়ে হাসানুর ঘরে থাকা একটি ধারালো ছুরি নিয়ে এসে মহুবার রহমানের বুকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত হাসানুর রহমান এলাকা ছেড়ে পালিয়ে যান। স্থানীয়রা জানান, হাসানুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় তার বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
