সিরাজগঞ্জে গরু চুরি রোধে বাঁশের ব্যারিকেড, জোরদার পুলিশের টহল

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৭ | অনলাইন সংস্করণ

  এস.এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শস্যভান্ডারখ্যাত তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গরু চুরি থামছে না। গরু চুরি রোধে পুলিশ সুপারের উদ্যোগে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অঞ্চলের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। এসব ব্যারিকেডে অবস্থান করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত দুই উপজেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধ চোরেরা দীর্ঘদিন ধরে কৃষকের গোয়ালঘর থেকে গরু চুরি করছে। বিশেষ করে এক সপ্তাহের ব্যবধানে কৃষকের গোয়াল থেকে অর্ধশতাধিক গরু চুরি হয়েছে। চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে এসব গরু ট্রাকযোগে নিয়ে যায়।

পুলিশের টহল ও কৃষকেরা সতর্ক অবস্থানে থেকেও গরু চুরি থামছে না। এ অবস্থায় বাধ্য হয়ে গরু চুরি রোধে কৃষকেরা বিভিন্ন সড়কের মোড় এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়েছেন। গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী গ্রামবাসীর সমন্বয়ে পাহারায় সহায়তা করছে পুলিশ।

এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গভীর রাতে এসব এলাকা পরিদর্শন করেন এবং পাহারাদারদের উৎসাহ দিতে বাঁশি ও টর্চলাইট উপহার দিয়েছেন।

তাড়াশ-রাণিরহাট সড়কের ব্যারিকেডে পাহারারতরা বলেন, চোরেরা গরু চুরি করে যাতে সহজে যানবাহনে তুলে নিয়ে যেতে না পারে, সেজন্য এই বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। এমনকি সড়কপথে চেকপোস্টে দলবেঁধে পালাক্রমে পাহারাও দেওয়া হচ্ছে। রাতে এসব ব্যারিকেড থেকে সন্দেহজনক যানবাহন ও মানুষের চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে।

তাড়াশ ও রায়গঞ্জ থানার ওসি ইমাম জাফর ও আহনানুজ্জামান ‘আলোকিত বাংলাদেশ’-কে বলেন, গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সুপারের উদ্যোগে বাঁশকল স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শনিবার গভীর রাতে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার পাহারা কার্যক্রম পরিদর্শন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। এ সময় তিনি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের উৎসাহ দেন এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি কর্তব্যরতদের বাঁশি ও টর্চলাইট উপহার দেন।

ওই দুই পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুলিশ সুপারের উদ্যোগে ও কঠোর নির্দেশনায় গরু চুরিসহ অপরাধপ্রবণতা বন্ধে এ অঞ্চলে পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।