শ্রীপুরে দুই শিশুর সামনে মাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার আসামি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩২ | অনলাইন সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে দুই শিশু সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

গ্রেপ্তার সোহরাব হোসেন নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পান ব্যবসা করেন।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানার র‍্যালির মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার ফ্লাইওভারের নিচ থেকে ওই নারীকে আশ্রয় দেওয়ার কথা বলে নিয়ে যান সোহরাব হোসেন। পরে একটি নির্জন স্থানে দুই শিশুসন্তানের সামনে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে সোহরাব হোসেন আত্মগোপনে চলে যান। পরে ভুক্তভোগী নারী শ্রীপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।