যুবদল নেতা অলির হার্ট সার্জারির ব্যয়ভার নিলেন সজিব

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ

  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁও উপজেলা যুবদল নেতা হাফেজ অলি গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা তাকে দ্রুত ওপেন হার্ট/বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। এতে তার পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় পড়ে।

এমন পরিস্থিতিতে তার চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে স্থানীয় নেতৃত্ব ও একটি প্রতিষ্ঠান।

অলির চিকিৎসার সব ধরনের আর্থিক ও সার্বিক ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র, এমপির রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব এবং সোনারগাঁও বিল্ডার্স পরিবার।

এমন কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাফেজ অলি।

আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘শুকরিয়া, আলহামদুলিল্লাহ! জীবনের এই কঠিন মুহূর্তে এমপি আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের সুযোগ্য সন্তান খায়রুল ইসলাম সজিব ভাই, সোনারগাঁও বিল্ডার্সের নেতৃবৃন্দ এবং সোনারগাঁও উপজেলা বিএনপি ও যুবদলের সকল রাজপথের সহযোদ্ধারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে এর উত্তম প্রতিদান দান করেন।’

বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে পুনরায় দলের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসতে পারেন—এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও তার দ্রুত রোগমুক্তি ও আরোগ্য কামনা করেছেন।