চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের নারী গ্রেপ্তার

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৭০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা পৌরশহরের ভিমরুল্লা এলাকার জেলখানা গেটের বিপরীতে ‘মিম স্টোর’ নামের একটি চা ও মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমা বেগম কুষ্টিয়া পৌরশহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী। তার বাবার নাম মৃত লবু শেখ।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় ‘মিম স্টোর’-এর সামনে বেঞ্চে বসে থাকা নাজমা বেগমের ডান হাতে থাকা একটি পলিথিনের প্যাকেট তল্লাশি করা হয়।

এ সময় প্যাকেটের ভেতরে থাকা দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ৩০ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর মধ্যে একটি প্যাকেটে ২০ গ্রাম ওজনের ২০০ পিস এবং অপর প্যাকেটে ১০ গ্রাম ওজনের ১০০ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলাজুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।