পাটগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৭

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫ | অনলাইন সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে একটি দোকানে ঢুকে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত আটজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।