সিরাজগঞ্জে রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সীমান্ত বাজারে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ সোমবার দুপুরে সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার উল্লেখিত বাজার এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে বিভিন্ন যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের দেহে তল্লাশি চালানো হয়।

এ অভিযান চলাকালে সোমবার গভীর রাতে দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে পেছনের আরোহী লাফ দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলচালক নাসিমকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

পরে তার কোমরে থাকা একটি রিভলবার ও ম্যাগাজিনে লোড করা ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে সদর থানার ওসি রাকিবুল হাসান, কাজীপুর থানার ওসি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।