৩ পুত্র সন্তান জন্ম দেওয়া কল্পনার পাশে উপজেলা প্রশাসন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন পুত্রসন্তান জন্ম দিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কল্পনা বেগমের। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথের নজরে এলে সোমবার দুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তান জন্ম দেওয়া কল্পনা বেগম ও তার পরিবারকে নিজ দপ্তরে ডেকে নিয়ে ১০ হাজার টাকা নগদ অর্থসহায়তা দেন তিনি।
কল্পনা বেগম (২৫) নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার জায়দুল হকের স্ত্রী। বর্তমানে কল্পনা বেগম তার দিনমজুর বাবার বাড়ি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে তিন সন্তানকে নিয়ে অবস্থান করছেন। কল্পনার স্বামী একজন বাক্প্রতিবন্ধী এবং হোটেলে দিনমজুরের কাজ করেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন কল্পনা। তিন সন্তানের নাম রাখা হয়েছে হাসান, হোসাইন ও বেল্লাল। সন্তান তিনটির বয়স এক মাস পেরিয়েছে।
সন্তান তিনটি সুস্থ থাকলেও কল্পনা বেগমের অপারেশনের স্থানে ইনফেকশন হওয়ায় এক মাস ধরে তিনি অসুস্থ। বর্তমানে তিন নবজাতক ও অসুস্থ মায়ের চিকিৎসা খরচ এবং খাবার জোগাতে গিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারটির।
কল্পনা বেগম জানান, বর্তমানে তার নিজের জন্য প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকার ওষুধ এবং তিন নবজাতকের জন্য দুই প্যাকেট দুধ লাগে। এতে প্রায় ৬০০ টাকা ব্যয় হচ্ছে। ইউএনও স্যার তাকে আজ ১০ হাজার টাকা দিয়েছেন। তিনি খুব খুশি। সন্তান তিনটিকে বাঁচাতে সবার সহযোগিতা চান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানান, পরিবারটির খোঁজখবর নিয়ে প্রথমে তিন হাজার টাকা নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে। আজ (সোমবার) আরও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হলো।
