সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি বাবা-ছেলে গ্রেপ্তার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি হত্যা মামলার আসামি বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেন।
সলঙ্গা থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২৫ সালের ২৪ মার্চ তাড়াশ থেকে মোটরসাইকেলে করে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন সিরাজগঞ্জ আদালতের উদ্দেশে যাচ্ছিলেন।
এ সময় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস দিয়ে তাদের মোটরসাইকেলকে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়।
ওসি আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
