পীরগাছায় নকল সয়াবিন তেলসহ গ্রেপ্তার, ব্যবসায়ীকে কারাদণ্ড
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের পীরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল সয়াবিন তেল, খালি বোতল, তেল তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মশিউর রহমানকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গুয়াবাড়ি বালাপাড়ায় অভিযুক্তের দোতলা বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে।
জানা গেছে, মশিউর রহমানের পীরগাছা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় খুচরা ও পাইকারি গালামাল দোকান রয়েছে। তিনি তার ব্যবসার আড়ালে দোকানের পেছনে নিজ বাসায় দীর্ঘদিন ধরে নকল সয়াবিন তেল তৈরি ও বাজারজাত করে আসছিলেন।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন। এ সময় তার দোতলা বাড়ির নিচতলার তিনটি কক্ষ ভর্তি আনুমানিক ৫০-৬০ কার্টন নকল সয়াবিন তেল, তেল তৈরির উপকরণ, খালি বোতল, সরঞ্জাম ও নকল লেবেল জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা কিছু মালামাল ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের সামনেই অভিযুক্ত ব্যবসায়ী ১০-১২ ব্যারেল তেল সরিয়ে নেন। এ ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে অভিযান পরিচালনা করে নকল সয়াবিন তেল, তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযুক্তকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভোক্তা অধিকার ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে তেল সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, সেখানে জড়ো হওয়া উৎসুক জনতার কেউ কেউ তাদের অগোচরে হয়তো কিছু তেল নিয়ে যেতে পারেন।
