দর্শনায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামি পলাতক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৫:২০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন চণ্ডীপুর গ্রামে ইউপি সদস্য আবু সিদ্দিক (৫৫)কে পুলিশ গ্রেপ্তারের পর তার পরিবারের সদস্যরা দুই পুলিশ সদস্যকে আহত করে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার চণ্ডীপুর গ্রামের সঞ্চয়ের স্ত্রী কনা রানী, সনজিতের স্ত্রী সোনালী, রবি হালদারের ছেলে লক্ষণ ও সেলিম উদ্দিনের ছেলে ফিরোজ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মোখলেছুর রহমানের নির্দেশে একদল পুলিশ উপজেলার চণ্ডীপুর গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি, মৃত ওমর আলীর ছেলে, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিককে গ্রেপ্তার করে।

এরপর তার পরিবারের সদস্যসহ এলাকার লোকজন বাধা দেন। একপর্যায়ে তারা দুই পুলিশ সদস্যকে আহত করে আবু সিদ্দিককে ছিনিয়ে নেন। এরপর তিনি হ্যান্ডকাপসহ পালিয়ে যান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ জানান, রাতে দর্শনা থানা পুলিশের একটি টিম চণ্ডীপুর গ্রামে অভিযান চালিয়ে ইউপি সদস্য আবু সিদ্দিককে গ্রেপ্তার করে। এরপর তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর আসামি আবু সিদ্দিক হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।