কিশোর গ্যাং প্রতিরোধে নোয়াখালীতে অভিযান, আটক ৬৮

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৬৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

গতকাল (৩০ সেপ্টেম্বর) আটক ৬৮ জনের মধ্যে দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার এবং ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া অপর ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।