হরিরামপুরে পানিতে ডুবে ১৩ বছরের কিশোরীর মৃত্যু

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারের একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে জানিয়েছেন তার ফুপু পারভীন আক্তার।

পারভীন আক্তার জানান, তার মা অসুস্থ হওয়ায় তার মাকে ভাবির সঙ্গে নিয়ে দুই দিন আগে কক্সবাজার থেকে হরিরামপুরের সট্টিতে আসেন। বৃহস্পতিবার সকালে তার ভাতিজি হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড় এলাকায় গেলে পানিতে ডুবে যায়। তার সঙ্গে থাকা ছোট্ট শিশুটি বাড়িতে গিয়ে আনিসা পানিতে ডুবে গেছে বলে জানায়।

নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে জানান, আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।