মেডিকেল কলেজে নিয়োগ ছাড়াই ৪ বছর কাজের অভিযোগ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ মেডিকেল কলেজে ৬৫ জন নিবন্ধিত আউটসোর্সিং কর্মী দায়িত্ব পালন করলেও কোনো বৈধ নিয়োগ ছাড়াই সাগর হোসেন (২৭) ও মিতু মনি (২৪) নামে দুই ব্যক্তি চার বছরের বেশি সময় ধরে প্যাথলজি বিভাগে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি সরেজমিনে ওই দুই ব্যক্তিকে প্যাথলজি বিভাগে কাজ করতে দেখা যায়।

সরকারি মেডিকেল কলেজের সংবেদনশীল একটি ল্যাবে নিয়োগবহির্ভূত ব্যক্তিরা দীর্ঘদিন কীভাবে কাজের সুযোগ পেলেন এবং তাদের দায়িত্ব পালনের অনুমোদনই বা কে দিয়েছেন—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে সাগর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন। তবে ল্যাবে কাজের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন। মিতু মনির বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের দাবি, প্রায় চার বছর আগে মিতু আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। পরে তার চাকরি চলে গেলেও তিনি ল্যাবে কাজ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মৃদুল কুমার সাহা বলেন, জনবল সংকটের কারণে তাদের দিয়ে কাজ করানো হচ্ছিল। তাদের মাসে ৬ থেকে ৭ হাজার টাকা হাতখরচ দেওয়া হতো। তবে তারা কতদিন ধরে কাজ করছেন, তা তার জানা নেই। যথাযথ নিয়োগ ছাড়া সংবেদনশীল ল্যাবে তাদের কাজ করানো ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি। তবে কার মাধ্যমে তারা কাজের সুযোগ পেয়েছেন, তা তিনি জানেন না বলে জানান।

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. তৌহিদুল ইসলাম বলেন, তিনি সম্প্রতি যোগদান করায় বিষয়টি আগে থেকে জানতেন না। কীভাবে ওই দুই ব্যক্তি দীর্ঘদিন সেখানে কাজ করেছেন, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।