রংপুরে ১৫ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২০:০৮ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ দশমিক ১ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি এবং ৬ দশমিক ৮ কেজি ওজনের চারটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) সদস্যরা। এ সময় মূর্তি পাচারকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। এর আগে বুধবার রাতে এগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—নগরীর গুপ্তপাড়ার মিজান (৪২), হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মোজাফ্ফর হোসেন (৩৭) এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের মাজেদুল ইসলাম (২৯)।
এসআরবি-১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নগরীর দক্ষিণ গুপ্তপাড়ার এ কে এম হুমায়ুন কবিরের চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি এবং চারটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করে এসআরবি-১৩। এ সময় মূর্তি চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেছে। উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দ আলামত এবং গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
