গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার, মায়ের দাবি হত্যা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২১:৩৩ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের মিঠাপুকুরে ফিরোজ মিঞা (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের গাছুয়া পাড়া গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফিরোজ মিঞা ওই গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি ফিরোজ। বৃহস্পতিবার ভোরে স্থানীয় এক ব্যক্তি বাগানের ভেতরে একটি গাছে দড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল এবং ঘটনাস্থলে কিছু অস্বাভাবিক আলামতও দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের মা ছালেহা বেগম দাবি করেন, তার ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।
তবে স্থানীয়দের বিভিন্ন ধারণার বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
