মুন্সীগঞ্জে ৪ হাজার ৯১২ কৃষকের হাতে কৃষক কার্ড

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২১:৪২ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশের সঙ্গে মুন্সীগঞ্জেও ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়।

এদিন জেলার ছয়টি উপজেলার মোট ৪ হাজার ৯১২ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মুন্সীগঞ্জের উপপরিচালক হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কৃষক ও সর্বস্তরের জনগণ।

উল্লেখ্য, কর্মসূচিটির প্রি-পাইলটিং দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে মার্চ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত সফলভাবে বাস্তবায়িত হয়। এতে প্রায় ২১ হাজার কৃষক সরাসরি উপকৃত হন। প্রি-পাইলটিংয়ের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানে ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

একইসঙ্গে দেশের আরও ৭১টি উপজেলার ৭১টি কৃষি ব্লকের প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে।

আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি ও সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়, কৃষি প্রশিক্ষণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার তথ্য, ফসলের রোগ-বালাই দমনের পরামর্শসহ মোট ১০ ধরনের সরকারি সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে কৃষিসেবা আরও আধুনিক, তথ্যনির্ভর, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।