রাশিয়া থেকে আজ আসছে রূপপুরের ইউরেনিয়াম জ্বালানি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে করে জ্বালানির চালানটি শুক্রবার দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এরপর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবারই জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় এক দিন পিছিয়ে শুক্রবার নতুন করে পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে। বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া প্রয়োজন।
রাশিয়া ও বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবারের নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র আরও জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—মোট নয়টি কার্গো চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম) জানিয়েছে, অক্টোবর থেকে শুরু করে আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।
