সাতক্ষীরায় তিনশ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১২:১২ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

দুই বছর বন্ধ থাকার পর সাতক্ষীরায় আবারও শুরু হয়েছে তিনশ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ।
১ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
মেলা উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গাজুড়ে থাকছে প্রায় শতাধিক মনোহরি পণ্যের স্টল। এছাড়া লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নার্সারি দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা এবং শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান রয়েছে।
প্রাথমিক পর্যায়ে মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে জঙ্গিরা বোমা হামলা চালায়। বোমা হামলায় নিহত হন তিনজন। আহত হন অর্ধশতাধিক। এরপর থেকে মেলা হারিয়ে ফেলে তার ঐতিহ্য।
