রাজবাড়ীতে বিএনপি কার্যালয়ের গেটে আগুন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৬:৪০ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের বাইরের সাইনবোর্ড ও লোহার গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

শনিবার (৩ অক্টোবর) সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, গাজী আহসান হাবিব, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় জেলা বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক আতর আলী বলেন, শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত তিনি কার্যালয় পাহারা দেন। পরে কার্যালয়ের তালা পরীক্ষা করে বাড়িতে চলে যান। সকালে এসে কার্যালয়ের সামনের গেটে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান।

পরিদর্শন শেষে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। আগুন দিয়ে জেলা বিএনপি কার্যালয় পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তারা মনে করছেন। এতে কার্যালয়ের বেশ কিছু ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, রাজবাড়ীর শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল অভিযোগ করে বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি’ এ ঘটনা ঘটিয়েছে। তার দাবি, দুর্বৃত্তরা সাইনবোর্ড ও লোহার গেটের ব্যাপক ক্ষতি করলেও তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। কার্যালয়টি পুরোপুরি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

মঞ্জুরুল আলম দুলাল বলেন, এটি বিএনপির জন্য অস্তিত্বের বিষয়। জেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।