কাউখালীতে স্বেচ্ছাসেবক দলনেতার উদ্যোগে মশা নিধন কর্মসূচি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ ও মশার উপদ্রব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নিজস্ব অর্থায়নে মশা নিধন কর্মসূচি পরিচালনা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে উপজেলার উত্তর বাজার, দক্ষিণ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, অলিগলি ও আবাসিক এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় মশার বিস্তার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি ডেঙ্গুতে বিভিন্ন মানুষ আক্রান্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে। জনগণের এই কষ্ট লাঘবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার ব্যক্তিগত উদ্যোগে এ মশা নিধন কার্যক্রম গ্রহণ করেন।

মশা নিধন কর্মসূচি বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাবেক ভিপি শফিউল আজম দুলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকাত হোসেন তালুকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমান ফিরোজ প্রমুখ।

এ সময় রাকিব তালুকদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে মশা নিধনে সরাসরি সহায়তা করেন। ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া ও ওষুধ ছিটানোর ফলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার জানান, “জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল এভাবে দাঁড়িয়ে যাবে।”

স্থানীয় বাসিন্দারা এ ধরনের সামাজিক ও স্বাস্থ্যবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।