জোড়াতালির মেরামতে চলছে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, বাড়ছে দুর্ভোগ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২০:০৮ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জোড়াতালির মেরামতে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন। উপজেলার দুধকুমার নদের ওপর ১৮৮৭ সালে ব্রিটিশ আমলে নির্মিত সেতুটির মেয়াদ ৪০ বছর আগে শেষ হলেও নড়বড়ে এই সেতুর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘ যানজট। সেতুতে যানবাহন আটকে গেলে রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েন। ফলে সোনাহাট স্থলবন্দরগামী গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত রবিবারও সেতুটির স্টিলের অংশের একটি পাটাতন দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দেবে যাওয়া স্থানে সতর্কতার জন্য একটি লাল পতাকা টানানো হয়। মেরামতের জন্য পরদিন সোমবার সকাল ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
এছাড়াও সেতুটির বিভিন্ন স্থানে পাটাতন ভেঙে গেছে এবং ট্যাংক জাম (লোহার পাত) খুলে গেছে। কোথাও কোথাও জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও কিছুদিন পর লোহার পাত খুলে যাচ্ছে। সেতুটি নিয়ে সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীসহ স্থানীয়দের যেন ভোগান্তির শেষ নেই।
স্থানীয়দের ভাষ্য, ২০১২ সালে সোনাহাট স্থলবন্দর চালু হওয়ার পর থেকে যানবাহনের সংখ্যা বহুগুণে বেড়ে যায়। ফলে সেতুটিতে অতিরিক্ত চাপ পড়তে থাকে, যা নিয়মিত ক্ষয়ক্ষতির অন্যতম কারণ।
এদিকে, সোনাহাট স্থলবন্দর এবং ভুটানের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম ব্যাহত না হয়, সেজন্য ঝুঁকিপূর্ণ সেতুর দক্ষিণে ২০১৯ সালে ৬৪৫ মিটার দৈর্ঘ্যের একটি নতুন পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু করা হয়। স্থানীয়দের অভিযোগ, পুরাতন সেতুর পাশে নির্মিত নতুন সেতুটির কাজ সাত বছর ধরে চলছে। সেতুর কাজ শেষ হতে আর কতদিন লাগবে—এটাই এখন প্রশ্ন স্থানীয়দের।
ভূরুঙ্গামারী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আবির ফাহিম জানান, নিয়মিত এ সেতু দিয়ে কলেজে যাতায়াত করেন তিনি। সেতুটি বেহাল থাকায় সময়মতো কলেজে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, ভাঙা ও নড়বড়ে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে স্থলবন্দরের পণ্য পরিবহন করতে হচ্ছে। এতে আমদানিকৃত পণ্য পরিবহনে সমস্যায় পড়ছেন তারা। নতুন সেতুর কাজ বিলম্বিত হওয়ায় ব্যবসা ও সামগ্রিক অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ)-এর নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
