রংপুরে আবু সাঈদের বাড়ি-কবরস্থানে কোটি টাকা ছাড়

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২১:৩৬ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তার বাড়িতে নতুন ঘর নির্মাণ, মা-বাবার থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় ৫ অক্টোবর সোমবার ওই অর্থ অবমুক্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত অর্থ অবমুক্তির চিঠি রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে অর্থ ছাড়পত্রটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।

অর্থ অবমুক্তির চিঠি অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে রংপুর জেলা পরিষদের অনুকূলে মোট ১ কোটি ৯ লাখ টাকা ছাড় করা হয়েছে।

এর মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘরবাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীদের সাইকেল সরবরাহে ৫ লাখ টাকা এবং পীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন ও পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে ২ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

ছাড়পত্রে বরাদ্দের অর্থ ব্যবহারে জেলা পরিষদের এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা-২০২২সহ প্রচলিত আর্থিক ও প্রশাসনিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো কাজে বরাদ্দের অর্থ ব্যয় করা যাবে না বলেও জানানো হয়েছে।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘সরকার দেরিতে হলেও বাড়িঘর ও কবরস্থানের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে, এজন্য আমরা খুশি। এই টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়, এটা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শুধু আবু সাঈদের স্মৃতি নয়, সরকার সব শহীদ পরিবারের পাশে এভাবে এগিয়ে যাক—এই কামনা করি।’

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার বাবা-মায়ের খোঁজখবর নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে আবু সাঈদের বাড়িঘর ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। একইসঙ্গে প্রয়োজন হলে আরও অর্থ বরাদ্দের ব্যবস্থা করার আশ্বাস জানান।

এই ঘোষণার পাঁচ দিনের মধ্যে অর্থ ছাড় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আবু সাঈদের পরিবার। একই সঙ্গে বরাদ্দকৃত অর্থে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার ঘরবাড়ি ও কবরস্থানসহ নির্ধারিত প্রকল্প বাস্তবায়নে যেন সঠিকভাবে কাজ হয়, সেটিও নিশ্চিত করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।