ইটনায় বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার, আটক ৫
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্র্র্র্রতিনিধি

কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর অরুণ দাস (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুরহাটির কানু দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা সৌরভ দাস জানান, সোমবার দুপুরে শিলুন্দিয়া গ্রামের পূর্বদিকে ধনু নদীতে একটি ছোট নৌকায় বসে মাছ ধরছিলেন অরুণ দাস ও তার বড় ভাই সাগর দাস। এ সময় বাজিতপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশে যাওয়া একটি বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
নৌকায় থাকা সাগর দাস সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ দাস নদীতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিন দিন পর আজ বুধবার সকালে বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাল্কহেডটি জব্দ করা হয়েছে এবং এতে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
