সাটুরিয়ায় থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জ্যোতি গ্রেপ্তার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৮:৩৪ | অনলাইন সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতি (৬৫) কে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন খান জ্যোতি সাটুরিয়া উপজেলার হরগজ বালুরচর এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে নয়াডিঙ্গির ঢাকা-আরিচা মহাসড়কে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে ওই মামলা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আদালতে পাঠানো হবে।
