রংপুর সিটির অবকাঠামো ও সড়ক উন্নয়নে ১,৮১৩ কোটি টাকা

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২০:২৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনের জন্য মোট ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকার দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পটির আওতায় সরকারি অর্থায়ন ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা।

এ ছাড়া সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে সরকারি অর্থায়ন ১৬৮ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন ৪২ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা।

প্রকল্প দুটি যথাক্রমে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর এবং ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে।

এদিকে, প্রকল্প দুটি অনুমোদনের পর রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এক ফেসবুক পোস্টে এটিকে রংপুরের উন্নয়নে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি পোস্টে বলেন, রংপুর মহানগরীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে প্রকল্প দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনকে আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।

রংপুরবাসীর পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রংপুর মহানগরীর উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে রংপুর নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যান চলাচলের সুবিধা বৃদ্ধি এবং নাগরিক সেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।