সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক কারবারির যাবজ্জীবন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২০:৪১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাঙা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের এপিপি আনিছুর রহমান।

এপিপি আনিছুর রহমান আলোকিত বাংলাদেশকে জানান, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর গ্রামের সড়কে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-১২-এর সদস্যরা। এ সময় নাটোর থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-১২-এর ডিএডি আমজাদ আলী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।