ঈশ্বরদীতে জেলি মেশানো চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৬:৫৯ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী পৌর বাজারে অভিযান চালিয়ে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ ঘটনায় এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পৌর বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে কোনো ইলিশ মাছ পাওয়া না গেলেও বিক্রির জন্য রাখা জেলি মেশানো চিংড়ি মাছ শনাক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলি মেশানো চিংড়ি বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরে জব্দ করা চিংড়ি মাছগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন উপস্থিত ছিলেন।