আলমডাঙ্গায় কফি শপে জুয়ার আসর, গ্রেপ্তার ৩
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২০:৪৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জুয়া বিরোধী অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন, ছয়টি সিম কার্ড ও চারটি এটিএম কার্ড জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে জনৈক বিপুল উদ্দিনের কফি শপে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মোনাকষা বাজারের ওই কফি শপে অভিযান চালায়। অভিযানকালে জুয়া খেলার অপরাধে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পারকুলা বাজারপাড়ার মৃত শেখ তৌহিদ আলমের ছেলে শেখ হাবিবুল্লাহ হামিম (২১), পাইকপাড়া ঘোষপাড়ার আকতার মালিথার ছেলে নাঈম ইসলাম (২২) এবং পারকুলা দাসপাড়ার শামিমুজ্জামানের ছেলে সিহাবুজ্জামান (২৩)।
অভিযান শেষে পুলিশ জব্দ তালিকা অনুযায়ী আসামিদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, ছয়টি সংযোগ সিম ও চারটি এটিএম কার্ড উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা (মামলা নম্বর-৮) দায়ের করা হয়েছে। মামলায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর ১৬/১৭/১৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
