মানবিক কর্মকাণ্ডে দুর্গাপুরে পরিচিত মুখ শামীম আহমেদ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৪:২৪ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের শামীম আহমেদ দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়ভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে কুল্লাগড়া ইউনিয়নের দরিদ্র ও অসহায় হিন্দু পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন শামীম আহমেদ। এ সময় তিনি নিজ হাতে অসহায় মানুষের হাতে পূজার উপহার তুলে দেন।
ছবিতে দেখা যায়, স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে শামীম আহমেদ বস্ত্র বিতরণ করছেন।
শামীম আহমেদ কাকড়াকান্দা গ্রামের আব্দুল সাত্তার ও আছিয়া খাতুনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের ছোট ভাই তিনি।
স্থানীয়রা জানান, শামীম আহমেদ শুধু ধর্মীয় উৎসবেই নয়, এলাকার দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনেও পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি নিয়েও তিনি সোচ্চার।
ব্যক্তিজীবনে শামীম আহমেদ ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। রাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে এলাকার মানুষের জন্য কাজ করতে চান তিনি—এমনটাই জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।
স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখলে শামীম আহমেদের মতো তরুণেরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
শামীম আহমেদ বলেন, “আমি সব সময় চেষ্টা করি, মানুষের পাশে থেকে কিছু করার। এটা পারিবারিক শিক্ষা। মানুষ কাজ করলে ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নন। আমিও তার ব্যতিক্রম নই। তবে আমার একটা সত্তা রয়েছে। আমি এটার অপব্যবহার করি না।”
