আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৮:২৭ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-১০ সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি আমবাগান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় ছিল।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে এসআরবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে এসআরবি-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।