শিশু মাহফুজা হত্যা মামলায় ৫৮ বছর বয়সী বাবলু শেখ গ্রেপ্তার

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২০:১৫ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৬-এর সহযোগিতায় এ অভিযান চালায়।

এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকায় বসবাসকারী ইদ্রিস আলী মোল্যার মেয়ে মাহফুজা আক্তারকে বাবলু শেখসহ অন্য আসামিরা তাদের বাড়িতে ডেকে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে মাহফুজা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাবলু শেখের বসতবাড়িসংলগ্ন বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারিবারিক পূর্ববিরোধের জেরে গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা ১০ মিনিটের মধ্যে কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, মারধর ও আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়।

এ ঘটনায় মাহফুজার বাবা ইদ্রিস আলী মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১০।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাবলু শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।