নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে বাড়ছে সৌরবিদ্যুতের ব্যবহার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২১:০৫ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে উপজেলা পরিষদ ও ওয়ালটনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এবং ওয়ালটনের পক্ষে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়জ উদ্দিন। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারের সবুজ জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের অগ্রাধিকার এবং প্রধানমন্ত্রীর অনুশাসনের আলোকে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মোট ৫৭১ কিলোওয়াট-পিক (kWp) ক্ষমতার হাইব্রিড সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ ব্যয় ও কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬.৪-এর আওতায় কার্বন ক্রেডিট অর্জনের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও ও উপজেলা প্রকৌশলী সমন্বিতভাবে এ কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সহনশীল উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
