সিরাজগঞ্জে যমুনা নদী থেকে ১০৩ বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২২:০৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর জগতলা ঘাট এলাকা থেকে নুরজাহান বেগম (১০৩) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নুরজাহান বেগম একই উপজেলার জামিরতা গ্রামের মৃত লাজত ব্যাপারীর স্ত্রী।

সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে নুরজাহান বেগম যমুনা নদীর জগতলা ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন।

পরে কয়েক ঘণ্টা ধরে গ্রামবাসী যমুনা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বিকেলে ওই ঘাটের ভাটি এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।