চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ স্বাভাবিক রাখা, পরিবহন ও বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে নির্বিঘ্নে জ্বালানি তেল পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ, কালোবাজারি, অতিরিক্ত দামে বিক্রি এবং বিপণনে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে পেট্রোল পাম্প মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি, মজুদ ও বিক্রির সঠিক হিসাব সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দেবে। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুদ বা কালোবাজারির তথ্য পাওয়া গেলে তা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যার কথা জানান। এ সময় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
