সিরাজগঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি চাপা দিয়ে ধ্বংস

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৯:৪২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অসাধু ব্যবসায়ীরা চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন হাটবাজারে অভিযান শুরু করেছেন মৎস্য কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাছের আড়ত ও হাটবাজারে ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করে আসছেন অসাধু ব্যবসায়ীরা।

এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার কুতুবের চর মাছের আড়তে অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৪৫০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

ওজন বাড়ানোর জন্য এসব চিংড়ি মাছে জেলি পুশ করা হয়েছিল। পরে জব্দ করা চিংড়ি মাছ জনসমক্ষে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান।