রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৯:৫৮ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহান হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
শনিবার (১০ অক্টোবর) বেলা দেড়টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামের দুলাল সরদারের ছেলে ফিরোজ সরদার বাবু (৩৪), গণি সরদারের ছেলে রিয়াজ সরদার (২৩) এবং সমেশপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে মো. শরীফ (২৭)।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে রোহানকে ডেকে নিয়ে প্রথমে গামছা ও টি-শার্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ যেন পানিতে ভেসে না ওঠে, সে জন্য ছুরি দিয়ে পেট কেটে বস্তায় ভরে একটি ডোবায় ডুবিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যায় ব্যবহৃত টি-শার্ট, গামছা ও ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ, গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মফিজুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ৫ অক্টোবর বিকেলে নিখোঁজ হয় সে। রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় শুক্রবার রোহানের বাবা ফরহাদ চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী থানায় হত্যা মামলা করেন।
