পীরগঞ্জে দুই গোডাউন থেকে সহস্রাধিক বস্তা নকল সার ও ভুষি জব্দ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২০:১০ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার কালসারডাড়া বাজারে একাধিক গোডাউনে অভিযান চালিয়ে সহস্রাধিক বস্তা নকল সার ও গরুর খাদ্য ভুষি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালসারডাড়া বাজারে মোখলেসুর রহমান ও মাইদুল ইসলাম বাবুর গোডাউনে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নকল সার, গরুর খাদ্য ভুষি এবং ভুষি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহীল বাকীউল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকার, পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্দ করা নকল সার ও ভুষি পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।