অটোভ্যান ছিনতাইয়ের পর চালককে হত্যা, চার দিন পর মিলল লাশ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২২:০৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর এলাকায় নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক অটোভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত হারু শেখের ছেলে।
বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজ্জাক। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শনিবার সকালে সমেশপুর এলাকার হাবিব স্মৃতিসৌধের পাশে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন হোসনে আরা ঘটনাস্থলে গিয়ে লাশটি তাঁর ভাই আব্দুর রাজ্জাকের বলে শনাক্ত করেন।
ওসি মোক্তারুজ্জামান জানান, অটোভ্যান ছিনতাইয়ের পর রাজ্জাককে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তাঁর লাশ ওই স্থানে বালুচাপা দিয়ে রাখা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে মামলাটির তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
