দিনাজপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৪:৫১ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে কন্যাশিশু দিবস-২০২৬।

সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, স্থানীয় সরকারের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম।

অনুষ্ঠানের শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কর্মসূচিতে সহযোগিতা করে ডে কেয়ার সেন্টার, ওয়ার্ল্ড ভিশনসহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ১২টি নিবন্ধিত সংগঠন।