সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে সায়মানের তিন পুরস্কার অর্জন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৯:৪০ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

দক্ষিণ এশিয়ায় পর্যটন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের দশম আসর ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আতিথেয়তা প্রতিষ্ঠান সায়মান হোটেল ব্র্যান্ড। এর মধ্য দিয়ে টানা অষ্টম বছরের মতো এ আয়োজনে পুরস্কার অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। তিনটি সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ছয় দশকের ঐতিহ্যও উদযাপন করেছে সায়মান হোটেল পরিবার।
সোমবার এক বিজ্ঞপ্তিতে সায়মান বিচ রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, গত ৮ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালে শহরে আয়োজিত সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সায়মানের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ক্লাস্টার জেনারেল ম্যানেজার পূবূদূ ফার্নান্দো।
সায়মানের অর্জিত তিনটি পুরস্কার হলো—বাংলাদেশের শীর্ষ রিসোর্ট ও হোটেল ব্র্যান্ড, সায়মান বিচ রিসোর্টের বাংলাদেশের শীর্ষ সমুদ্রসৈকত হোটেল এবং সায়মান হেরিটেজের বাংলাদেশের শীর্ষ ঐতিহ্যবাহী হোটেল ও রিসোর্ট।
টানা আট বছর এই পুরস্কার অর্জন বাংলাদেশের পর্যটনশিল্পে সায়মানের দীর্ঘদিনের উপস্থিতি, সেবার ধারাবাহিকতা এবং অতিথিদের স্মরণীয় আতিথেয়তার অভিজ্ঞতা দেওয়ার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কক্সবাজারে অবস্থিত সায়মান বিচ রিসোর্ট অতিথিদের আধুনিক সমুদ্রসৈকতকেন্দ্রিক অবকাশযাপনের অভিজ্ঞতা দেয়। অন্যদিকে, সায়মান হেরিটেজ ঐতিহাসিক সায়মান নামের ঐতিহ্য ও গৌরবময় উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাচ্ছে। ছয় দশকেরও বেশি সময়ের ঐতিহ্য ধারণ করে প্রতিষ্ঠান দুটি ঐতিহ্য ও আধুনিক আতিথেয়তার এক অনন্য সমন্বয় তুলে ধরছে।
সায়মান বিচ রিসোর্ট ও সায়মান হেরিটেজের ক্লাস্টার জেনারেল ম্যানেজার পূবূদূ ফার্নান্দো বলেন, “আমি বিশ্বাস করি, এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত সাফল্য। আমাদের অভিন্ন লক্ষ্য, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিদিন নিজ নিজ দায়িত্ব পালনে সহকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। দলগত কাজই আমাদের সাফল্যের মূল ভিত্তি।
“আমরা সবাই মিলে এমন আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও অতিথিবৎসল আতিথেয়তার অভিজ্ঞতা তৈরি করে চলেছি, যা বাংলাদেশের আতিথেয়তা শিল্পের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলো তুলে ধরে। আমাদের নিবেদিতপ্রাণ সহকর্মী, সম্মানিত অতিথি, বিশ্বস্ত ব্যবসায়িক অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
“এই পুরস্কারগুলো আমাদের আরও বড় স্বপ্ন দেখতে, আরও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সায়মানের ঐতিহ্য সংরক্ষণ করতে উৎসাহিত করে। আমরা একসঙ্গে বাংলাদেশের আতিথেয়তার উষ্ণতা নিয়ে বিশ্বকে স্বাগত জানাতে এবং আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সঙ্গে কক্সবাজার ও সায়মানের পরিচিতি এবং সুনাম আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
১৯৬৪ সালে যাত্রা শুরু করা সায়মান বাংলাদেশের পর্যটনশিল্পের একটি সুপরিচিত নাম। কক্সবাজারে অবস্থিত সায়মান বিচ রিসোর্ট ও সায়মান হেরিটেজের মাধ্যমে প্রতিষ্ঠানটি আধুনিক রিসোর্ট অভিজ্ঞতার সঙ্গে ঐতিহাসিক ঐতিহ্য ও স্বতন্ত্র আতিথেয়তার সমন্বয় ঘটিয়ে আসছে।
