পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৯:৫০ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পীরগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত প্রেস কনফারেন্সে জানানো হয়, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ, তথ্যের সঠিকতা যাচাই এবং সহায়তা প্রয়োজন এমন পরিবার চিহ্নিত করা গুরুত্বপূর্ণ।

এ কার্যক্রম সফল করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রদানের ওপর গুরুত্ব দিতে হবে।

সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী, তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে হবে। এ জন্য তথ্য সংগ্রহকারীদের পরিচয় নিশ্চিত করা এবং ফ্যামিলি কার্ডে নাম অন্তর্ভুক্তির কথা বলে কেউ অর্থ দাবি করলে সতর্ক থাকার বিষয়ে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিবুল বারি, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন ও আতাউর রহমান বিটু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মামুদ, কৃষি কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফ্যামিলি কার্ড শুমারির গণনাকারী ও সুপারভাইজার এবং গণমাধ্যমকর্মীরা।